মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভা রূপ নেয় দলের রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন পরিকল্পনার স্পষ্ট ঘোষণার মঞ্চে।
সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটাধিকার, নারী নিরাপত্তা, সুশাসন ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর বিভাগীয় (সাংগঠনিক) বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “নিজের দেশের মা–বোনদের সম্পর্কে যাদের ন্যূনতম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই।”

‘গুপ্ত শক্তি’র বিরুদ্ধে সতর্কতা:
তারেক রহমান বলেন, জনগণের স্বাধীনতা, ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকারীদের জনগণ একটি নামে চেনে—‘গুপ্ত’। কারণ সময় ও পরিস্থিতি অনুযায়ী তারা বারবার রূপ বদলায়।
তিনি বলেন, “এদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। ইতিহাস সাক্ষী, ১৯৭১ সালে তাদের বিতর্কিত ভূমিকার কারণে লাখো মা–বোনের সম্মানহানি হয়েছিল।” এ কারণে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিকাশ ও এনআইডি চাওয়ার অভিযোগ:
সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় নারী ভোটারদের কাছ থেকে বিকাশ ও এনআইডি নম্বর চাওয়ার অভিযোগ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন,
“যারা অনৈতিক কাজ দিয়ে রাজনীতি শুরু করে, তারা কীভাবে সৎ শাসনের কথা বলে?”
তিনি এটিকে জনগণের সঙ্গে প্রতারণা ও অনৈতিক আচরণ বলে উল্লেখ করেন।
ফরিদপুর বিভাগ ও উন্নয়নের প্রতিশ্রুতি:
তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফরিদপুরকে বিভাগ ঘোষণাসহ প্রয়োজনীয় উন্নয়ন উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ফরিদপুর অঞ্চলের অন্যতম বড় সমস্যা নদীভাঙন। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ও সংশ্লিষ্ট নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এতে কৃষিপ্রধান এই অঞ্চলের অর্থনীতি শক্তিশালী হবে এবং পাটসহ কৃষিপণ্য রপ্তানি বাড়বে।

কৃষক, নারী ও কর্মসংস্থান:
বক্তব্যে তিনি জানান, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করে বীজ, সার ও কৃষি উপকরণ সহজলভ্য করা হবে। বেকারত্ব দূর করতে প্রত্যেক এলাকায় বৈশিষ্ট্যভিত্তিক কলকারখানা স্থাপন করা হবে। নারীদের পিছনে রেখে উন্নয়ন সম্ভব নয়—এ জন্য ফ্যামিলি কার্ড চালু করে দরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হবে। দেশব্যাপী হেলথ কেয়ার কর্মী নিয়োগের মাধ্যমে ঘরে বসে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে। আঞ্চলিক পানি ব্যবস্থাপনার উন্নয়নে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে
তারেক রহমানের আগমন:
দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে ফরিদপুর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তারেক রহমান। ২টা ৫৫ মিনিটে মঞ্চে ওঠেন এবং ৩টা ২১ মিনিটে বক্তব্য শুরু করেন। ৩টা ৪৫ মিনিটে বক্তব্য শেষ করে ৩টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশে ফরিদপুর ত্যাগ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া। এ সময় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ১৫টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।
পরিবর্তনের ইঙ্গিত:
সকাল থেকেই ফরিদপুরসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢলে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা বলেন, এই জনসমাগম প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকের মতে, দীর্ঘদিন পর ফরিদপুরে এমন বড় রাজনৈতিক সমাবেশ নতুন রাজনৈতিক গতি তৈরি করেছে।
মাহবুব পিয়াল 



















