করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচে নেমেছে। দৈনিক মৃত্যুও কমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন যা ৯১ দিন পর সবচেয়ে কম।
গত ২৪ এপ্রিল ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। এর পর তা বাড়তে বাড়তে মে মাসের শুরুতে ৪ লাখ ছাড়িয়ে যায়।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন করোনা রোগীর। গত ১৬ এপ্রিল শেষবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ১২শ’র কম ছিল। করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জনে।
ভারতে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে ৩৫২ জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনার ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। কর্নাটক, তামিলনাড়ু এবং কেরালায় মৃতের সংখ্যা ১শ’র আশপাশে রয়েছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে ভারতে চলছে জোরদার টিকাদান কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ ডোজ টিকা দেওয়া হয়েছে যা রেকর্ড সংখ্যক। এ নিয়ে মোট ২৮ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০১ ডোজ টিকা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 























