ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বুধবার সকালে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
আরও বলা হচ্ছে, ফের ৫০ হাজার ছাড়িয়ে গেল ভারতের দৈনিক সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে বুধবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন।
এ নিয়ে পুরো মহামারি পর্বে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন। বিশ্বের দ্বিতীয় দেশে হিসেবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে শুধু যুক্তরাষ্ট্রে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।
মঙ্গলবারের তুলনায় ভারতে মৃতের সংখ্যা একটু বেড়েছে। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জন রোগীর। এ নিয়ে মোট প্রাণ হারালেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।
কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমছে। মঙ্গলবার এবং বুধবার তা ৩ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লাখের নিচে নেমেছে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন।
এ দিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শিগগিরই ভারতে আঘাত হানতে পারে করোনার তৃতীয় ঢেউ। মহামারির দ্বিতীয় পর্বে ভাইরাসটির ভারতীয় ধরন ‘ডেল্টা’ বেশ দাপট দেখিয়েছে। ইতিমধ্যে ছড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে।
আন্তজার্তিক ডেস্ক 























