স্কটল্যান্ডের কাছে অনাকাঙ্ক্ষিত হারে শুরু বিশ্বকাপ। টেনেটুনে মূল পর্বের টিকিট মিলেছিল। কাছাকাছি সক্ষমতার শ্রীলঙ্কার বিপক্ষে হারেই সুরটা কেটে গিয়েছিল। লেটন দাসের দুই ক্যাচ মিস যেন বিশ্বকাপে বাংলাদেশের ললাট লিখে দিয়েছিল। সমালোচনার স্রোত, পারফর্ম করতে না পারার হতাশা মিলে দলটা ডুবে যায় ব্যর্থতার চোরাবালিতে। ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দিলেও তীরে তরী বেড়ানো যায়নি।
তবে এমন ব্যর্থতা সত্ত্বেও বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে পকেটে পুরেছে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।
সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চরম ব্যাটিং ব্যর্থতায় ১৫ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে মাত্র ৭৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় অজিরা।
এই নিয়ে সুপার টুয়েলভ পর্বে সবগুলো ম্যাচেই হেরে গেল বাংলাদেশ দল। তবে একেবারে খালি হাতে ফিরছে না টাইগাররা। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার প্রাইজমানি রয়েছে। ওমান ও পাপুয়া নিউগিনিকে হারানোয় মোট ৮০ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশ। তাছাড়া সুপার টুয়েলভে উঠায় আরো ৭০ হাজার ডলার দেওয়া হবে মাহমুদউল্লাহদের। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে দেশে ফিরছে টাইগাররা। স্কটিশদের কাছে পরাজিত না হলে বাংলাদেশের অর্জিত টাকার পরিমাণটা আরো বাড়তো সন্দেহ নেই।
অনলাইন ডেস্ক 























