ঢাকা টেস্টের আজ পঞ্চম ও শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের করতে হতো ২১৩ রান। তবে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে ইনিংস ও ৮ রানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে টি-টোয়েন্টির মতো টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান খেলেছেন ৬৩ রানের দুর্দান্ত একটি ইনিংস। রানআউট হওয়ার আগে ৪৮ রান করেন মুশফিকুর রহীম। লিটন দাসের ব্যাট থেকে আসে ৪৫।
প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়া স্পিনার সাজিদ খান দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের চার উইকেট নেন।
এর আগে, ৪ উইকেটে ৩০০ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ।
উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
অনলাইন ডেস্ক 























