ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সিকিমে আজ সোমবার ভোরে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৪ দশমিক ৩।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে সিকিমের ইউকসাম শহরে কম্পন অনুভূত হয়। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি, তবে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে।
সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।
ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। সোমবার ভোরবেলা শহরে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে।
এর আগে রবিবার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসামে। সেখানকার নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ঐ কম্পনের মাত্রা ছিল ৪।
আন্তজার্তিক ডেস্ক 


















