মহামারি করোনাভাইরাসে লাতিন আমেরিকার দেশে ব্রাজিলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অতিমাত্রায় বেড়েছে। গড়ে প্রতিদিন দেশটিতে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। আশঙ্কার কথা হলো, দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি শিশু মারা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, অপর্যাপ্ত টেস্টিং ও রোগ নির্ণয় করতে না পারাই এর কারণ।
দেশটিতে একদিনে আইসিইউ সংকট অন্যদিকে নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। এমন পরিস্থিতির মধ্যে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ায় লাখ লাখ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা।
এমন প্রেক্ষাপটে দেশটিতে ভাইরাসে আক্রান্ত শিশু মৃত্যুর হার ক্রমেই বাড়ছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজার ৬০ শিশুর মৃত্যু হয়েছে। যাদের অর্ধেকের বয়স এক বছরের কম।
বেসরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের মতে, দেশটিতে পর্যাপ্ত করোনা টেস্টের সংকট রয়েছে। এর ফলে শিশুরা করোনায় আক্রান্ত হলেও তা শনাক্ত করা যাচ্ছে না। এমনকি তাদের উপসর্গ অন্যদের তুলনায় আলাদা হওয়ায় সঠিক রোগ নির্ণয় করতে পারছে না চিকিৎসকরা। ফলে শেষ সময়ে এসে হাসপাতালে ভর্তি করায় বাঁচানো যাচ্ছে না শিশুদের। তবে, করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে শিশু মৃত্যু হার কমানো সম্ভব বলেও জানান তারা।
ব্রাজিলে এখন পর্যন্ত দেড় কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিন লাখ ৬০ হাজারের বেশি।
আন্তজার্তিক ডেস্ক 






















