বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের সেই অ্যালবিনো মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে।
বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া। তিনি বলেন, কেরাণীগঞ্জ মডেল থানা থেকে এটি সরাসরি জাতীয় চিড়িয়া খানায় নেয়া হবে। মহিষের মালিককে তিন লাখ ৩০ হাজার টাকা ফেরত দেয়া হবে।
এ দিকে থানা সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প থানায় এমন খবর ছড়িয়ে পরায় সেখানে ভিড় করে শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় থানার প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ।
এর আগে মঙ্গলবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনে মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কথা বলেন। এ দিন বেলা ৩টার দিকে জিনজিরার রসুলপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে ২৫ মে নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে মহিষটি জিনজিরার রসুলপুরের নিজ বাড়িতে নিয়ে আসেন এর ক্রেতা ফরিদুজ্জামান স্মরণ।
ফরিদুজ্জামান স্মরণ গেল ঈদুল ফিতরের এক সপ্তাহ পর নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে ৩ লাখ ৩০ হাজার টাকায় অ্যালবিনো মহিষটি কিনে নেন। মহিষটি নারায়ণগঞ্জের ওই ফার্মেই এতদিন লালিত পালিত হচ্ছিলো। ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
অনলাইন ডেস্ক 


















