ফাইজার-বায়োএনটেকের টিকা আসা নিয়ে আবারও সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধের এ টিকার প্রথম চালান আসার তারিখ এ নিয়ে চার দফায় বদলেছে স্বাস্থ্য অধিদফতর।
প্রথমে আজ রোববার (৩০ মে) রাতে নয়, আগামীকাল সোমবার (৩১ মে) রাতে এক লাখ ৬ হাজার ২০০ ডোজ ফাইজারের টিকা বাংলাদেশে আসছে বলে জানিয়েছে তারা।
স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সবশেষবারের তথ্য গণমধ্যমকে জানিয়ে তিনি বলেন, আজ নয়, আগামীকাল সোমবার (৩১ মে) রাতে ফাইজারের টিকা আসছে বাংলাদেশে।
গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় সরকার। সেদিন জানানো হয়, রোববারই আসছে এ টিকার প্রথম চালান।
রোববার সকালেও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকার প্রথম চালান রাতেই আসছে।
কিন্তু দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, আজ টিকার চালান আসছে না। ১০ থেকে ১২ দিন দেরি হবে।
কিন্তু রোববার বিকেলে ডা. শামসুল হক আবার নতুন তথ্য দেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা জানতাম আজ রাতেই যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি টিকার প্রথম চালান আসছে। কিন্তু পরে কার্গোর কনফারমেশনের তথ্য নিতে গিয়ে দেখি আজ রাতে নয়, আগামীকাল রাতে এসে পৌঁছাবে।’
আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে এ টিকা বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করেন ডা. শামসুল হক।
অনলাইন ডেস্ক 























