শিরোপাটা অপার দুঃখ হয়ে থাকল নিউজিল্যান্ডের জন্য। ছয় বছরের ব্যবধানে তিনটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে উঠেও ট্রফি থাকল অস্পর্শ। হলো না সাধের ট্রফিতে হাত বোলানো। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড হেরেছিল এই অস্ট্রেলিয়ার কাছে। এবার টি টোয়েন্টিতেও। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড পরাজিত হয়েছিল ইংল্যান্ডের কাছে। ২০১৫ সালের আগে নিউজিল্যান্ডকে বলা হতো আজীবন সেমিফাইনালিস্ট দল। এবার হয়তো বলবে, চিরকালিন ফাইনালিস্ট।
রোববার দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও শেষ হাসি হাসতে পারেনি কিইউরা। ওয়ার্নার-মিচেল মার্শের ঝলসানো ব্যাটিংয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে অজিরা।
একটা সময় নিউজিল্যান্ডকে বলা হতো আজীবন সেমিফাইনালিস্ট। আর সেটা ২০১৫ সালের আগ পযন্তও। তবে এই দুর্নাম তাদের ঘোচে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। সে বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ছিল আয়োজক। তবে ফাইনাল হয় অস্ট্রেলিয়ার মাটিতে। হেরে যায় নিউজিল্যান্ড।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল ইংল্যান্ড। এবারও ফাইনালে উঠে নিউজিল্যান্ড। প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ফাইনাল ছিল তুঙ্গস্পর্শী উত্তেজনায় ভরপুর। ম্যাচ হয়েছিল টাই। হয়েছিল সুপার ওভার। সেখানেও টাই। বাউন্ডারি বেশি হাকানোর অদ্ভুত নিয়মে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। কপালে পোড়ে নিউজিল্যান্ডের।
এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সেই ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। কিন্তু ফাইনালে আবার তাদের হতাশা সঙ্গী হয় অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে। ছয় বছরে তিনবার ফাইনাল খেলেও ট্রফি থাকলো অচ্ছুত। আগে নিউজিল্যান্ডকে ডাকা হতো আজীবন সেমিফাইনালিস্ট । এবার হয়তো ডাকা হবে চিরকালিন ফাইনালিস্ট।
অনলাইন ডেস্ক 























