ইরানি ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা আঘাত হেনেছে ইরান ও তার মিত্ররা। এবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমসহ মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের আকাশসীমা সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেনের দিক থেকেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, জেরুজালেম এবং গুশ দানসহ মধ্য ইসরায়েলের প্রায় প্রতিটি প্রান্তে সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর ফলে কোনো বাণিজ্যিক বিমান ইসরায়েলে অবতরণ বা উড্ডয়ন করতে পারছে না।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের দিক থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ডিফেন্স সিস্টেম) বর্তমানে এই হুমকিকে প্রতিহত বা বাধা দেওয়ার জন্য কাজ করছে।
তেহরান-ইসফাহানে ইসরায়েলের তীব্র হামলা
এর আগে মধ্যরাতে ইরানের রাজধানী তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে ওঠে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, রাজধানী তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে অন্তত দুটি এবং ইসফাহান শহরে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, তারা পশ্চিম ও মধ্য ইরানে সুনির্দিষ্ট ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ এই হামলা চালিয়েছে।
সংঘাতের নেপথ্যে কী?
গত কয়েক দিন ধরেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত ছিল। লেবাননে ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে সম্প্রতি উত্তর ইসরায়েল অভিমুখে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। এর আগে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত এবং ২০ জন আহত হন। মূলত এর জবাব দিতেই ইসরায়েল ইরানের ভেতর এই নতুন করে হামলা চালায়। আর তার কয়েক ঘণ্টার মাথায় ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্রের সাইরেন বাজল।
সূত্র: আল-জাজিরা
আন্তজার্তিক ডেস্ক 


















