পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জেতা তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান জয়।
সাকিব আল হাসানকে দলে রাখা হলেও বলা হয়েছে, ফিটনেস টেস্ট উৎরাতে পারলে তিনি খেলবেন। সোমবার রাতে দুই টেস্টের মধ্যে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করা হয়।
১৬ সদস্যের দলে নেই তামিম ইকবাল, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। অবসরের ঘোষণা দেওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদও নেই দলে।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াছির আলী রাব্বি, মাহমুদুল ইসলাম জয়, রেজাউর রহমান রেজা, সাকিব আল হাসান (ফিটনেস টেস্টে ফিট হওয়া সত্ত্বে)।
নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তামিম ইকবাল। তিনি অনেক দিন ধরেই মাঠের বাইরে। তাসকিন আহমেদ সোমবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েন। শরিফুল ইসলাম ইনজুরিতে পড়েন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে।
বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে সাকিব আল হাসান মাঠে বাইরে আছেন। যদিও তিনি ঢাকায় এসেছেন। মঙ্গলবার ফিটনেস টেস্টের মুখোমুখি হবেন।
দলে ডাক পাওয়া দুই তরুণ মাহমুদুল হাসান জয় এবং রেজাউর রহমান রেজা এবারের জাতীয় ক্রিকেট লিগে দারুণ পারফর্ম করেছেন। যুব বিশ্বকাপ জেতা ২১ বছর বয়সী জয় জাতীয় লিগে তিন ম্যাচে দুই সেঞ্চুরি করেছেন। এখন পর্যন্ত প্রথম শ্রেণিতে ৬ ম্যাচ খেলে ৪৬ গড়ে ৪৬০ রান করেছেন জয়। ২১ বছর বয়সী পেসার রেজাউর রহমান রেজা প্রথম শ্রেণিতে ১০ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন।
প্রথম টেস্ট ম্যাচ হবে শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
অনলাইন ডেস্ক 























