তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী রাজু মিয়া। তিনি বলেন, আজ সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর বারিধারায়, আর দ্বিতীয় জানাজা হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।
বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠপুত্র ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি একসময় ইত্তেফাকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। একইসঙ্গে তিনি ডেইলি নিউ ন্যাশন নামে একটি ইংরেজি দৈনিকে প্রকাশকও ছিলেন।
তিনি ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপর মিডল টেম্পল এ আইন বিষয়ক পড়াশোনা করেন। ১৯৬৫ সালে বার থেকে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।
২০০৭ সালে গঠিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয় এর দায়িত্ব পালন করেন।
অনলাইন ডেস্ক 

















