সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুময় প্রদেশ হোমসে আইএসের ভয়াবহ হামলায় অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য সামনে আনে। একইসঙ্গে এই হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সানা’র প্রতিবেদনে জানা যায়, হামলায় নিহতদের লাশ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতালের প্রধানের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায়, এই হাসপাতালে নেওয়া নিহতদের সবার মাথায় গুলির ক্ষত আছে। এছাড়া হামলায় বেঁচে যাওয়া একজন সানাকে বলেছেন, আইএস তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।
পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অডির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরও জানায়, নিহতদের ৪৬ জন বেসামরিক নাগরিক ও সাতজন সেনা সদস্য।
তবে এ হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি।
আন্তজার্তিক ডেস্ক 


















