আগামীকাল বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। তফসিল ঘোষণার লক্ষ্যে কাল বিকাল ৫টায় কমিশন সভা আহবান করেছে ইসি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিলের ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।
এবারই প্রথম সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণের এই তফসিল ঘোষণা করবেন সিইসি। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি।
ভোটের তারিখ সম্ভাব্য রাখা হয়েছে ৬ জানুয়ারি।
২০১৯ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে একাদশ জাতীয় সংসদ। এ হিসেবে চলতি সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। সংসদের মেয়াদ আরও তিন মাসের মত থাকলেও অধিবেশন আর বসছে না।
সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে, সংসদ নির্বাচনের স্বার্থে মেয়াদের শেষ ৯০দিনের মধ্যে এই বিধানটি সংবিধানে শিথিল করা হয়েছে। ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে।
দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।
অনলাইন ডেস্ক 












