আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিভিন্ন জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের ভালোবাসা নিয়েই আগামী নির্বাচনেও ক্ষমতায় যাবে। তবে নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে, সেভাবেই কাজ করতে হবে সবাইকে। সামনে নির্বাচন, জাতীয়-আন্তর্জাতিকভাবেও অনেক চক্রান্ত হবে। কেননা একটা দেশ দ্রুত এত উন্নতি করুক অনেকেই তো এটা চায় না। কাজেই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ও জাতীয় পার্টি মাটি-মানুষ থেকে উঠে আসা দল না। তাদের জন্ম মিলিটারি ডিক্টেটরদের হাতে। প্রতিদিন তারা মাইক লাগিয়ে মিথ্যা কথা বলেই যাচ্ছেন। রোজা-রমজানের দিন তারা এত মিথ্যাচার করছে কেন, তাও আমি বুঝতে পারছি না। তাদের তো উচিত একটু রয়ে-সয়ে কথা বলা।
আওয়ামী লীগ সভাপতি বলেন, একটা দেশের উন্নয়নের জন্য যা যা করণীয়, তা তো আমরা সফলভাবে করতে পেরেছি। এজন্য আওয়ামী লীগকে মানুষ বারবার ভোট দেয়, এটাই হলো বাস্তব কথা। কাজেই আমাদের কখনও ভোট চুরি বা অন্যকিছু করা লাগে না। জনগণের আস্থা নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
Reporter Name 



















