পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। দেশটির সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি মেডিকেল রিপোর্ট অনুসারে এ বিষয়টি জানা গেছে।
জিও নিউজ জানিয়েছে, ইমরান খান বলেছেন, তার রক্ত জমাট বাঁধা রোগ ধরা পড়েছে। এ রোগটি তার চোখের গুরুতর ক্ষতি করেছে। চিকিৎসা করা সত্ত্বেও তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। ইমরানের আইনজীবী সালমান সফদারের আদিয়ালা কারাগার পরিদর্শন সম্পর্কে জমা দেওয়া সাত পৃষ্ঠার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে আদালত সালমানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিযুক্ত করে। তাকে কারাবন্দি ইমরানের সঙ্গে দেখা করার এবং ১১ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
পিটিআই দলের প্রতিষ্ঠাতাকে সম্প্রতি চোখের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) স্থানান্তরিত করা হয়েছে। এ বিষয়ে ইমরানের রাজনৈতিক দল জানিয়েছে, পরিবার ও দলীয় নেতৃত্বকে এই চিকিৎসার বিষয়ে অবহিত করা হয়নি।
জিও নিউজের কাছে পাওয়া প্রতিবেদন অনুসারে, ইমরান জোর দিয়ে বলেছেন ৭৩ বছর বয়সী হওয়া বা একাধিক মামলা-মোকদ্দমায় জড়িত থাকা সত্ত্বেও তিনি এর আগে কখনও তার ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো উত্থাপন করেননি। তবে তার স্বাস্থ্যবিষয়ক এই উদ্বেগকে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে নেয়নি বা সমাধান করেনি। এর আগে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তার চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল।
আন্তজার্তিক ডেস্ক 



















