ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ‘গণতান্ত্রিক সংস্কার জোটে’র ঘোষণা দিয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’৷
এদিকে এই জোটে গণঅধিকার পরিষদের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি থাকছে না।
এতে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মিলে ৩ দলীয় জোটের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে জোটে আরও দলের সংখ্যা বাড়তে পারে বলে জানান আয়োজকরা। তবে জোটে গণঅধিকার পরিষদ আসার কথা থাকলেও তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট মনোনীত প্রার্থীরা যেকোনো একটি প্রতীকে নির্বাচন করবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন প্রমুখ।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রা শুরু করছি।
অনলাইন ডেস্ক 


















