গাজা উপত্যকায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ ভবনে কাতারভিত্তিক আল জাজিরাসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় ছিল। ইসরায়েলি বিমান হামলায় ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে গেছে। তবে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলায় ১১ তলা আল জালা ভবনটি মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে যায়। ভবনটি আবাসিক কাজেও ব্যবহার হতো। ভবনটি গুঁড়িয়ে যাওয়ার পর আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এখানে অ্যাসোসিয়েট প্রেস (এপি) ব্যুরো কার্যালয় ছিল।

আলজাজিরার প্রতিনিধি আল কাহলুত জানান, ভবনটির এক বাসিন্দা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সতর্ক বার্তা পান। হামলার আধঘণ্টা আগে ওই সতর্ক বার্তা পাওয়ার পর অনেকেই ভবনটি থেকে বের হয়ে যান। ওই সময়ে ভবনটিতে ছিলেন আল কাহলুত। তিনি জানান, তিনি ও তার সহকর্মীরা মিলে যতটুক পারা যায় বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাইরে বের হয়ে আসেন।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে এ পর্যন্ত অন্তত ১৫০ জনকে হত্যা করেছে তারা। এর মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৩৯ জন এবং পশ্চিম তীরে ১১ জনকে হত্যা করেছে এই দখলদার বাহিনী। নিহতদের মধ্যে ২২ নারী এবং ৪০ শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে আরও ৯৫০ জন। পাল্টা প্রতিরোধ হিসেবে হামাসের রকেট হামলায় অন্তত আট ইসরায়েলি নিহত হয়েছে।
আন্তজার্তিক ডেস্ক 























