সফরসূচি অনুযায়ী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শুক্রবার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন, দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করবেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজে যোগ দেবেন।
পরদিন শনিবার সকাল ১০ টায় মাহিন্দা রাজাপাকসে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন এবং সেখানে দর্শনার্থীর বইতে স্বাক্ষর করবেন।
সকাল ১০টা ২০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল ৫টায় বঙ্গভবনের ক্রেডিশিয়াল হলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেখানে দর্শনার্থীর বইতে স্বাক্ষর করবেন।এছাড়া নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ১০ দিনের উদযাপনে যোগ দিতে ২২ মার্চ দু’দিনের সফরে ঢাকা আসবেন এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ পৌঁছে ২৭ মার্চ ঢাকা ত্যাগ করবেন।
অনলাইন ডেস্ক 






















