বাংলাদেশে জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ দাম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) জেট ফুয়েলের দাম বাড়াতে জরুরি সভা শেষে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারনে মার্চ মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম সমন্বয় করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কমিশনের আদেশ অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার ২০২ দশমিক ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার (শুল্ক ও মুসকছাড়া) ১ দশমিক ৩২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি গ্রহণসহ বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিইআরসির গত বছরের ১৩ মে জারিকৃত আদেশ নম্বর : ২০২৫/০৮ এর অনুচ্ছেদ ৯ দশমিক ২ অনুযায়ী গত ৫-২২ মার্চ সময়ে জেট ফুয়েলের প্রকাশিত প্লাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এলসি সেটেলম্যান্ট বিবেচনায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে এই মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১১২ দশমিক ৪১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
আর দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার (শুল্ক ও মুসকছাড়া) শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।
জানা যায়, তেলের দাম বাড়াতে আজ (মঙ্গলবার) জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 












