আফগানিস্তানের বোলিং ব্যর্থতার পর ব্যাটিং দুর্বলতায় ভাগ্য খুলেছে ভারতের। বিরাট কোহলিরা বিশাল ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। বুধবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২১০ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ২১১ রানের টার্গেটে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে আফগানরা ১৪৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৬৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জয় করে কোহলির দল। অবশ্য এটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম জয়। সেমিতে খেলতে হলে আরো বাকি দু’টি ম্যাচও জিততে হবে কোহলিদের।
এ বারের টি২০ বিশ্বকাপে প্রথম বার জয়ের মুখ দেখল ভারত। আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে কিছুটা আশা বাঁচিয়ে রাখল তারা। পাঁচ বছর পর আন্তর্জাতিক টি২০ ম্যাচে উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ভারত। ফলে অঙ্কের বিচারে এখনো ছুটি হয়নি বিরাট কোহলিদের। কিভাবে ভারত শেষ চারে যেতে পারে? এই গ্রুপ থেকে পাকিস্তান শেষ চারে চলে গেছে আগেই। দেখে নেয়া যাক এই গ্রুপ থেকে অন্য কোন দলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত : আফগানিস্তানকে হারালেও নিজেদের হাতে কিছু নেই। শেষ দু’টি ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। সেটা হলেও ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না, যদি নিউজিল্যান্ডও বাকি দু’টি ম্যাচ জেতে। ভারত শেষ দু’টি ম্যাচ জিতলে ও নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটেও ভারত পিছিয়ে। ভারতের নেট রানরেট যেখানে +০.০৭৩, সেখানে আফগানিস্তানের +১.৪৮১। আর নিউজিল্যান্ডের +০.৮১৬। তাই শেষ চারের আশা জিইয়ে রাখতে ভারতকে শেষ দু’টি ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে। বিরাট কোহলিদের একটিই সুবিধা, গ্রুপের শেষ ম্যাচ যেহেতু তারাই খেলবে, নেট রানেরেট বিচার্য হলে তারা হিসেব করে খেলতে পারবে।