পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য বা মন্তব্য প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
স্থানীয় সময় রবিবার পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পিইএমআরএ এ নিষেধাজ্ঞা দেয় বলে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে।
পিইএমআরএর এক আদেশে বলা হয়, লক্ষ করা যাচ্ছে যে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার বক্তব্য বা বিবৃতিতে ক্রমাগত ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বিবৃতির মাধ্যমে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন।
আদেশে আরও বলা হয়, বিদ্বেষী, অপমানজনক ও অযৌক্তিক বক্তব্য প্রচার সংবিধানের ১৯ অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থি।
সংবাদমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ইমরানের বিদ্বেষী বক্তব্য যথার্থ যাচাই-বাছাই না করে টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে, যা পিইএমআরএ আইন ও সুপ্রিম কোর্টের রায়ের লঙ্ঘন।
এর আগে পাকিস্তানে আলোচিত তোশাখানা মামলায় ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তাঁর লাহোরের বাসভবনের সামনে গতকাল রবিবার সমবেত হয় হাজারো সমর্থক। তোশাখানা মামলায় আদালতে হাজিরা দেওয়ার নির্দেশনা বারবার অমান্য করায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ইমরান খানকে গ্রেপ্তার করতে পাঞ্জাবের রাজধানী লাহোরের জামান পার্কের বাসভবনে যান।
সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘আমি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা কোনো কিছুর কাছে মাথা নত করিনি। আপনাদেরও করতে দেব না।’
আন্তজার্তিক ডেস্ক 



















