মাহবুব পিয়াল,ফরিদপুর : সমাজ, শিক্ষা ও সংস্কৃতির কর্মবীর অধ্যাপক মুহাম্মাদ আবদুস সামাদ (এমএ সামাদ স্যার) কে নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগস্ট শনিবার বিকাল ৩টায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ফরিদপুর গুণীজন মূল্যায়ন ও উন্নয়ন গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ বরেণ্য শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক, সংস্কৃতিজন ও গুণী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য ফরিদপুর-৪ মো. শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর মুসলিম মিশন কলেজের সভাপতি চৌধুরী আমের ইউসুফ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ড. মো. আজিজুর রহমান, প্রফেসর ও চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান।
অনুষ্ঠানের শুরুতে বিকাল ৩টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পরে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত এবং প্রধান অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, সংবর্ধিত ব্যক্তি, মুখ্য আলোচক, প্রধান উপদেষ্টা, সভাপতি ও স্মারকগ্রন্থের লেখকদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হবে।
এরপর স্বাগত ভাষণ, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, আবৃত্তি ও সংগীত পরিবেশিত হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংবর্ধিত ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া মুখ্য আলোচক, সম্মানিত ও বিশেষ অতিথিবৃন্দ, সংবর্ধিত আলোকিত ব্যক্তি, সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য এবং অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানের উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা প্রফেসর এবিএম সাত্তার জানান, অধ্যাপক এম. এ. সামাদের জীবন ও কর্ম সমাজ, শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবনের বিশেষ মুহূর্ত, কর্মময় জীবন ও তাঁর সম্পর্কে স্বজনদের স্মৃতিচারণের সমন্বয়ে স্মারকগ্রন্থটি প্রকাশ করা হয়েছে। স্মারকগ্রন্থে অধ্যাপক সামাদের জীবনের বিভিন্ন বিশেষ মুহূর্তের আলোকচিত্রও স্থান পেয়েছে।
অনুষ্ঠান সফল ও স্মরণীয় করতে ফরিদপুরবাসীসহ সুধীজনকে সবান্ধব উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। সার্বিক আয়োজনে রয়েছে ফরিদপুর গুণীজন মূল্যায়ন ও উন্নয়ন গবেষণা কেন্দ্র, ফরিদপুর। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মো. মুনিরুল ইসলাম।
মাহবুব পিয়াল 



















