স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে মহাখালী কড়াইল বস্তিতে ভ্যাকসিন দেওয়া কর্মসূচি শুরু হবে।
এখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস। পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতে টিকা দেওয়া হবে।
সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়ামে জরুরি কোভিড-১৯ টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সবাইকে টিকার আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছেন। তাদেরকে টিকা দেয়া হবে কাল। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেয়া হবে।
তিনি বলেন, বস্তিবাসীদের যাদের নিবন্ধন নেই তারা এখানে উপস্থিতির ভিত্তিতেই তাদের অন স্পটে নিবন্ধন করা হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি।
টিকা কর্মসূচির পরিচালক ডা. শামছুল আলম বলেন, এর আগে আমরা বিভিন্ন জায়াগায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকাদান ঠিকভাবে দেয়া হয়নি। আর এতদিন ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা টিকা দিয়েছি। তবে এবার আর ক্যাম্পেইন না করে আমাদের লক্ষ্য পুরো বস্তির সবাইকেই টিকার আওতায় নিয়ে আসা। এটা টানা চলবে যতদিন শেষ হয়।
অনলাইন ডেস্ক 























