যুক্তরাজ্যে করোনা মহামারি হানা দেয়ার পর একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বুধবার। এটি দেশটিতে একদিনে করোনা শনাক্ত হওয়ার নতুন রেকর্ড।
আল জাজিরার খবরে বলা হয়, দেশটিতে স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) সর্বোচ্চ ৭৮ হাজার ৬১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটা শনাক্তের আগের রেকর্ডের চেয়ে প্রায় ১০ হাজার বেশি।
এর আগে গত জানুয়ারিতে যুক্তরাজ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত যুক্তরাজ্যে ১ কোটি ১০ লাখের বেশি মানুষের করোনার শনাক্ত হয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ।
যুক্তরাজ্যে করোনার ডেল্টা ধরনের ধ্বংসযজ্ঞ শেষ না হতেই আঘাত হানে নতুন ধরন ওমিক্রন। এটাকে ‘কম ভয়ঙ্কর’ মনে করা হলেও এর সংক্রমণ-ক্ষমতা করোনার অন্য ধরনগুলো থেকে অনেক বেশি।
ওমিক্রন নিয়ে ইতোমধ্যে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি সতর্ক করে ওমিক্রনের আঘাতকে সংক্রমণের ‘জলোচ্ছ্বাস’ বলে বর্ণনা করেছেন।
এ পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে কড়াকড়ি আরোপের দিকে যেতে চাইলেও আইনপ্রণেতাদের আপত্তির মুখে তা পারছেন না বরিস জনসন। ব্রিটিশ পার্লামেন্টের একশ’র বেশি আইনপ্রণেতা তার পদক্ষেপের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
কয়েক সপ্তাহের মধ্যে করোনা শনাক্তের হার আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন জনসন। পুরো মহামারি পর্বে করোনা যুক্তরাজ্যে প্রাণ কেড়ে নিয়েছে ১ লাখ ৪৭ হাজার জনের।
আন্তজার্তিক ডেস্ক 























