ঢাকা বিমানবন্দর মহাসড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন নবনির্মিত একটি পথচারী আন্ডারপাসসহ সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) আওতায় চারটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রকল্পগুলো উদ্বোধন করেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব নিহত হওয়ার চার দিন পর ২০১৮ সালের ২৯ জুলাই প্রধানমন্ত্রী আন্ডারপাস নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
একই বছরের ১২ আগস্ট শেখ হাসিনা এ আন্ডারপাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ওই বছরের ২ আগস্ট দুই শিক্ষার্থীর পরিবারের সদস্য এবং কলেজের অধ্যক্ষ তার সাথে দেখা করার পর ৪ আগস্ট তিনি কলেজের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বাস সরবরাহ করেন।
অন্য তিনটি প্রকল্প হলো-সিলেট সিটি বাইপাস-গ্যারিসন লিংক ৪-লেন হাইওয়ে, বালুখালী (কক্সবাজার)-ঘুনধুম (বান্দরবান) বর্ডার লিঙ্ক-রোড এবং রাঙামাটি জেলার নানিয়ারচরে চেঙ্গী নদীর উপর ৫০০ মিটার দীর্ঘ সেতু।
ঢাকা, নানিয়ারচর ও সিলেট সেনানিবাস এলাকা থেকে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েকুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য দেন। এই চারটি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সূত্র : ইউএনবি
অনলাইন ডেস্ক 




















