একটা গোলেই ‘ভূমিকম্প’ ঘটে গেছে!
ভূমিকম্পের মাত্রাও কম নয়। ব্রাজিলে বলা হচ্ছে, রিচার্লিসন ৯ নম্বর জার্সিটা পুনরুজ্জীবিত করেছেন। নতি স্বীকার করেছে আর্জেন্টিনাও। দেশটির সংবাদমাধ্যম ‘ওলে’ রিচার্লিসনের গোলের ছবি টুইট করে লিখেছে, ‘অন্য মাত্রার!’
স্পেনের সংবাদমাধ্যম ‘মার্কা’ মনে করছে, রিচার্লিসন এই গোলে ব্রাজিলকে জাগিয়ে তুলেছেন। এমনকি ইতালিও কাঁপছে। দেশটির সংবাদমাধ্যম গাজেত্তা দেয়ো স্পোর্ত’ লিখেছে, ‘এই ব্রাজিল এখনই ভয়ংকর!’
সার্বিয়ার বিপক্ষে কাল ব্রাজিলের ২-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে তিতের দল যে খেলা দেখিয়েছে, তা প্রতিপক্ষ দলগুলোর জন্য সত্যিই ভয়ংকর। ‘জোগো বনিতো’র পুরো ছাপ হয়তো ছিল না, পূর্ণ মাত্রায় বাজেনি সাম্বার ভয়াল সুন্দর সুরও, কিন্তু স্টাইল, প্যাশন আর প্রতিপক্ষের রক্ষণকে ছিঁড়েখুঁড়ে ফেলার সব চেষ্টাই ছিল।
রিচার্লিসনের দ্বিতীয় গোলটি সেই চেষ্টার ‘বিজ্ঞাপন’—৭৩ মিনিটে ভিনিসিয়ুসের পাসটি প্রথম টাচে শূন্যে তুলে নিয়ন্ত্রণে নিয়ে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোল করেন ব্রাজিলের এই নম্বর ৯। সংবাদমাধ্যমে আলোচনা হচ্ছে, এটি কাতার বিশ্বকাপের সেরা গোলগুলোর মধ্যে থাকবে তো বটেই, শেষ পর্যন্ত ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ হয়ে গেলেও আশ্চর্যের কিছু থাকবে না।
রবার্তো ফিরমিনো বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর অনেকেই তিতের সমালোচনা করেছিলেন। ব্রাজিলের হয়ে গোল করবেন কে—এই প্রশ্ন উঠেছিল। রিচার্লিসন ৯ নম্বর জার্সির আবেদন কতটা পূরণ করতে পারবেন, উঠেছিল সে প্রশ্নও। তিতে রিচার্লিসনের ওপর আস্থা রেখেছিলেন।
টটেনহামের হয়ে এই মৌসুমে ১৫ ম্যাচে মাত্র ২ গোল করলেও ব্রাজিলের হয়ে ৩৯ ম্যাচে রিচার্লিসনের ১৫ গোলে মজেছিলেন তিতে। ব্রাজিল কোচ যে ভুল করেননি তা তো এখন পরিষ্কার। ক্লাবের হয়ে যাই হোক, দেশের ৯ নম্বর জার্সিটা পরলের রিচার্লিসন যে অন্য মানুষ বনে যান, সেটা টের পেয়েছিলেন তিতে।
Reporter Name 












