রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ৩টা ৫১ মিনিটে সমাবেশ মঞ্চে পৌঁছান তিনি।সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেবেন। তারপর মায়ের সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।
এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ। প্রিয় নেতাকে একবার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে এসেছেন। তীব্র শীত উপেক্ষা করে অনেকেই রাতেই চলে আসেন সমাবেশস্থলে।এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে শুরু করে। ভোর থেকে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।এদিকে আজ সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। সেখানে গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১১টা ১২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।তারও আগে বুধবার লন্ডনের (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।