বাংলাদেশে জেলা-উপজেলার কোভিডের টিকা কেন্দ্রগুলোতে আগ্রহী এবং উদগ্রীব মানুষের উপচেপড়া ভিড়ের খবর পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য কর্মীরা বলেছেন, গত বছরের তুলনায় এবার টিকাকেন্দ্রগুলোতে মানুষের ভিড় অনেক বেশি এবং চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। খবর বিবিসি বাংলা।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনে করেন, করোনা ভাইরাস সংক্রমণ এবার যেহেতু দেশটির গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে এবং মৃত্যুও বেড়েছে, সে কারণে মানুষ টিকা দিতে মরিয়া হয়ে উঠেছে।
সংক্রমণ বেশি এমন একটি জেলা রাজশাহীর সিভিল সার্জন বলেন, আগের বার ভ্যাকসিন না নিয়ে অনেকে ভুল করেছে। রাজশাহী জেলায় দ্বিতীয় দফায় ১৩ জুলাই থেকে টিকা দান কার্যক্রম শুরু হওয়ার পর দুই দিনেই গোটা জেলায় সাত হাজারের মতো মানুষ টিকা নিয়েছেন।
এই সংখ্যা গত বছরের প্রথম দফার টিকা কার্যক্রমের দিনের গড় হিসাবেও অনেক বেশি বলে কর্মকর্তারা বলেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, টিকার ঘাটতি মিটিয়ে সবার জন্য তা নিশ্চিত করতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। তবে সরকারের ঘোষিত লক্ষ্য আর ক্ষমতার মধ্যে বিরাট ফারাক রয়ে গেছে। সরকার বলছে, তারা দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ বা ১৩ কোটি মানুষকে টিকা দেবে, কিন্তু বর্তমান টিকা দান কর্মসূচীর শুরুতে তাদের হাতে আছে মাত্র ৫৭ লাখ ডোজ টিকা।
শুধু রাজশাহী নয়, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া সহ সীমান্তবর্তী কয়েকটি জেলা এবং বন্দরনগরী চট্টগ্রামসহ বিভিন্ন জায়গা থেকে টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড়ের একই চিত্র পাওয়া গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফার টিকা কার্যক্রমের সময় মানুষের আগ্রহের অভাবে এসব অনেক জেলার জন্য নির্ধাারিত পরিমাণ টিকা দিতে না পারায় সেই টিকা ঢাকায় ফেরত পাঠানো হয়েছিল।
তবে তারা এবার টিকা কেন্দ্রগুলোর ভিন্ন চিত্র দেখছেন। চট্টগ্রাম থেকে একজন চাকরিজীবি শিউলী শবনম বলেছেন, এখনকার সংক্রমণ পরিস্থিতির কারণে তার আগ্রহ বেড়েছে। “আমি প্রথম বার করোনায় আক্রান্ত হয়েছিলাম। আর এখনকার পরিস্থিতিতে দ্বিতীয়বার আক্রান্ত হলে জটিলতা যাতে কম হয়, সেজন্য আমি এবার ভ্যাকসিন নিতে আগ্রহী।
বিশেষজ্ঞরা মনে করেন, সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা এখন মানুষ চোখের সামনে দেখছে এবং সে কারণেই টিকাকে একটা অবলম্বন হিসাবে বেছে নিতে চাইছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, মানুষ যেন ধৈয্যহারা না হয়, সেটাই তারা চাইছেন।
যে পরিমাণ টিকা এখন আসছে, তাতে সবাই টিকা পাবে। টিকা না পাওয়ার কোন কারণ নাই। একটু ধৈর্য্য ধরতে হবে।
অনলাইন ডেস্ক 






















