গত একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে। একই সময়ে নতুন করে ৩১৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগের দিন শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছিলো ২৯৩ জন করোনা রোগী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৭টি নমুনা। শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৫১ শতাংশ।
এছাড়া একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫২৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।
এ পর্যন্ত মোট ১ কোটি ৯৪ হাজার ৯২২টি নমুনা পরীক্ষাkয় শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক 














