দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৩০৮টি। শনাক্তের হার ২.২০ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৬৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।
এর আগে সোমবার করোনায় মৃত্যু হয় ১০ জনের আর ভাইরাসটি শনাক্ত হয় ৩৩৯ জনের শরীরে।
গত ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এছাড়া ২৭ জুলাই মৃত্যু হয় ২৫৮ জনের। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক 


















