নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন এক নারী।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক সংলগ্ন সজল ভূইয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এখনো হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে সবজিবাহী একটি পিকাপ রায়পুরা যাচ্ছিল। পিকাপটি রায়পুরার অমিরগঞ্জ এলাকায় পৌঁছলে রায়পুরা থেকে নরসিংদীগামী সিএনজি অটো রিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৪ জন নিহত হয়। আহত হয় আরও একজন। গুরুত্বর আহতবস্থায় একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমিরগঞ্জ ফাড়ির ইনচার্জ এসআই ফরিদ বলেন, সকালে পিকাপ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থালে ৪ জন নিহত হয়েছে। দূর্ঘটনাকবলিত যানবাহনু দুটিকে আটক করা হয়েছে। যানবাহন দুটি অতিমাত্রায় দ্রুতগতির কারনেই এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
অনলাইন ডেস্ক 





















