কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম রয়েছে। কোনো কোনো কেন্দ্রে একেবারেই ভোটার নেই।
সকাল ৯টার দিকে নগরকান্দার রামনগর ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালমা ইউনিয়নের আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই কেন্দ্রসহ তিন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৩১১ জন ভোটারের মধ্যে মোট ভোট দিয়েছেন ২৬ জন। তালমার আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ৪ হাজার ৭২ জনের মধ্যে ভোট দিয়েছেন ৩২ জন ভোটার। সেখানে নারী কেন্দ্রে ১ হাজার ৯৯৬ ভোটারের বিপরীতে ভোট পড়েছে মাত্র তিনটি।
তালমা আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ইউসুফ আলী খান বলেন, সকালে ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি তেমন নেই। আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।
ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এতে ভোটার রয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫। সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ ভোটার তাদের ভোট প্রয়োগ করছেন। এ নির্বাচনে ১২৩ ভোট কেন্দ্রের ৮০৬টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
অনলাইন ডেস্ক 




















