ইউরোপের প্রধান প্রধান দেশগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার প্রয়োগ আবারও শুরু করবে। শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইইউর ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির (ইএমএ) তদন্তে অক্সফোর্ডের টিকা নিরাপদ ও কার্যকর প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ইউরোপের নেতৃত্বস্থানীয় দেশগুলো এ টিকার প্রয়োগ ফের শুরুর পরিকল্পনার কথা জানায়।
রক্ত জমাট বাঁধার আশঙ্কায় সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ অক্সফোর্ডের টিকার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেয়।
কিন্তু প্রায় ৩০টি ঘটনা তদন্তের পর ইএমএ বলেছে, অক্সফোর্ডের টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার উচ্চঝুঁকির কোনো সম্পর্ক নেই।
জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ইতোমধ্যে এই টিকার প্রদান কার্যক্রম ফের শুরু করার ঘোষণা দিয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালির মতো দেশগুলো।
এক টুইটে ইএএম জানায়, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের কারণে তাদের দেহেই রক্ত জমাটের ঘটনা ঘটেছে যাদের রক্তে প্লাটিলেট কম। যদিও এই ঘটনা বিরল। অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা ও উপকারিতা অনেক বেশি। তাই এই টিকা কার্যক্রম যেন অব্যাহত থাকে।
ইএমএ ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া দুই কোটি মানুষের অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এই অঞ্চলে যুক্তরাজ্যসহ মোট ৩০টি দেশ রয়েছে। নিরাপত্তা শঙ্কায় গত কয়েক দিনে অন্তত ১৩টি দেশ অ্যাস্ট্রাজেনেকা টিকার ব্যবহার স্থগিত করেছে।
যুক্তরাজ্যের ওধুষ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) অবশ্য আগেই জানিয়েছে, তারা দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া ১ কোটি ১০ লাখ মানুষের মধ্যে পাঁচজনের মস্তিষ্কে রক্তজমাট বাঁধার খবরের বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি সংস্থাটি এটা বলেছে, এই টিকার ব্যবহার অব্যাহত রাখা উচিত।
আন্তজার্তিক ডেস্ক 






















