শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট রংপুরের আবু সাঈদের বাড়িতে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। তার আগে গত ৮ আগস্ট দেশে ফেরেন ড. মুহাম্মদ ইউনূস। সেদিন এয়ারপোর্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন তিনি।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস।
এরপর তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছেন। এসব মতবিনিময় সভায় রাষ্ট্র সংস্কারে নানান প্রস্তাব উঠে আসে।
অনলাইন ডেস্ক 













