মাহবুব পিয়াল, ফরিদপুর : বাংলাদেশ সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ধারাবাহিকতায় ফরিদপুরে ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি উপলক্ষে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ-এর ‘বাংলা কিউআর’ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেল ৫টায় ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ নুরা ক্যাফেতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিকাশের ফরিদপুর জেলা ডিস্ট্রিবিউটর ই.আর. কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. গোলাম মারুফ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিকাশের বরিশাল রিজিয়নের জোনাল ম্যানেজার তানভীর শরিফ খান, ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মোছাদ্দের আলী মিঠু, টেরিটরি ম্যানেজার শেখ সাব্বির পারভেজ এবং ফরিদপুর বিকাশ মার্চেন্ট অপারেশন ম্যানেজার মো. রাসেল বিশ্বাস।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে ক্যাশলেস ব্যবস্থার আওতায় আনতে বাংলাদেশ সরকার যে যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে, বিকাশ শুরু থেকেই সেই উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের সুবিধার্থে চালু করা ‘বাংলা কিউআর’ সেবার মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে নিরাপদে পেমেন্ট গ্রহণ করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
বক্তারা আরও বলেন, বিকাশ মার্চেন্টদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করতে বিশেষ ঋণ সুবিধা চালু করেছে। পাশাপাশি পেমেন্ট ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করতে মার্চেন্টদের জন্য পেমেন্ট স্পিকার প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিটি সফল লেনদেনের তাৎক্ষণিক অডিও নিশ্চিতকরণ পাওয়া যাবে, যা ব্যবসায়ীদের জন্য লেনদেন ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তুলবে।
তারা বলেন, আগে বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট সেবার জন্য আলাদা আলাদা কিউআর কোড ব্যবহার করতে হলেও এখন বাংলা কিউআর-এর মাধ্যমে একটি মাত্র কিউআর দিয়েই সব ধরনের ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা সম্ভব। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং নগদ অর্থ বহনের ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
সভায় বক্তারা স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট অর্থনীতি বিনির্মাণে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও এ সেবা কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাহবুব পিয়াল 
















