ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে।











মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।