মাহবুব পিয়াল,ফরিদপুর : খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার তথা বাংলাদেশ ব্যাংক ঘোষিত কৃষি খাতে ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার রি-ফাইন্যান্স (Re-Finance) স্কিমসহ সকল স্কিমের কার্যকর প্রচার-প্রচারণা এবং শ্রেণিবিন্যাসিত ঋণ আদায় জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি ঘোষিত ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ সফল বাস্তবায়নের উদ্দেশ্যে ফরিদপুরে এক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় ফরিদপুর সদরের ডোমরাকান্দিস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে অগ্রণী ব্যাংক পিএলসি, ফরিদপুর সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি, ফরিদপুর সার্কেলের উপ-মহাব্যবস্থাপক সাবিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সার্কেলের মহা ব্যবস্থাপক সুপ্রভা সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকার ও বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকার রি-ফাইন্যান্স স্কিমের সুবিধা যেন প্রান্তিক পর্যায়ের প্রকৃত কৃষক ও উদ্যোক্তাদের দোরগোড়ায় পৌঁছায়, সেজন্য মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ও এসএমই খাতে ঋণ বিতরণ করলে গ্রামীণ অর্থনীতি সচল হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, “ব্যাংকের তারল্য প্রবাহ ও আর্থিক ভিত্তি শক্তিশালী করতে শ্রেণিবিন্যাসিত বা খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অগ্রণী ব্যাংক ঘোষিত ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ শতভাগ সফল করতে প্রতিটি শাখাকে লক্ষ্যমাত্রা অনুযায়ী নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।”
সভা চলাকালীন প্রধান অতিথি ব্যাংকের বিভিন্ন স্কিমের আওতায় ঋণ নেওয়া স্থানীয় উদ্যোক্তাদের সাথে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি উদ্যোক্তাদের ব্যবসা ও কৃষি প্রকল্পের বর্তমান অবস্থা, ঋণের সঠিক ব্যবহার এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনেন ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ সময় ফরিদপুর অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতি (ফরিদপুর অঞ্চল) এবং অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতি (সিবিএ) ফরিদপুর অঞ্চলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা ব্যাংকের সার্বিক অগ্রগতি, কৃষি ঋণ বিতরণ এবং খেলাপি ঋণ আদায়ে ৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা শতভাগ সফল করার ওপর গুরুত্বারোপ করেন।












মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।