Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে রবিবার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেছেন, তৈরি পোশাক খাতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে।

এতে শিল্পাঞ্চলগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দেশের রপ্তানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যাচ্ছেন।

এমনকি তাদের কারখানায় ভাঙচুর চালাতে বাধ্য করা হচ্ছে। চলমান এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ইতিমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ হয়ে গেছে।

একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না জানিয়ে তিনি বলেন, মজুরি বোর্ডের কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, বিজিএমইএ কখনো লেজুড়বৃত্তিক সংগঠন নয়। বিকেএমইএও নয়। সংগঠনের নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে বিজিএমইএর কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। সংগঠনটি যে সরকার ক্ষমতায় থাকে, তাদের সঙ্গে কাজ করে এবং সহযোগিতার চেষ্টা করে।

পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর।

তবে এর আগেই, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে শুরু করে।

তিনি বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের যেসব দাবি উঠেছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়।

বিজিএমইএ সভাপতি আরো বলেন, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণা করা হয়েছে। এরপরও অরাজক পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্য হতে পারে মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানো। আবার এর পেছনে কারো কারো অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
0:00 0:00
1.0x