মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে এই কর্মসূচি পালিত হয়। মোটরসাইকেল শোডাউনটি কমলাপুর ময়েজ মঞ্জিলে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিবাজার হয়ে আবার ময়েজ মঞ্জিলে এসে শেষ হয়।
এ সময়, জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির আহবায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গি, সিনিয়র যুগ্ম আহবায়ক এ.বি. সিদ্দিক মিতুল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল ও কৃষক দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
এ সময় দেশব্যাপী সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এর পূর্বে কর্মসূচি সফল উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা এসে উপস্থিত হয় ।












মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।