আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে পাকিস্তান।
শনিবার (২৬ আগস্ট) রাতে কলম্বোতে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৫৯ রানে হারিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতেই সুখবর পেয়েছে তারা।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৮ রান তুলেছিল পাকিস্তান। জোড়া ফিফটি করেন বাবর আজম (৬০) আর মোহাম্মদ রিজওয়ান (৬৭)। তবে দুজনই খেলেছেন কিছুটা ধীরগতিতে। বাবর ৬০ রান করতে খরচ করেন ৮৬ বল, ৭৯ বলে ৬৭ করেন রিজওয়ান।
শেষদিকে আঘা সালমানের ৩১ বলে অপরাজিত ৩৮ আর মোহাম্মদ নওয়াজের ২৫ বলে ৩০ রানে লড়াকু পুঁজি পায় পাকিস্তান।
আফগানিস্তানের গুলবাদিন নাইব আর ফরিদ আহমেদ নেন দুটি করে উইকেট।
রান তাড়ায় নেমে পাকিস্তানি বোলারদের তোপে ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। ছিটকে পড়া সেই ম্যাচে নয় নম্বরে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেন মুজিব উর রহমান। ৩৭ বলে ৬৪ রান করেন লোয়ার অর্ডার এই ব্যাটার, যে ইনিংসে ছিল ৫টি করে চার-ছক্কার মার।
মুজিবের ব্যাটে চড়েই কোনোমতে দুইশ পার করে আফগানিস্তান। ৪৮.৪ ওভারে তারা অলআউট হয় ২০৯ রানে।
পাকিস্তানের শাদাব খান নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ আর মোহাম্মদ নওয়াজের।
অনলাইন ডেস্ক 



















