এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সোমবার জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে হামলার জন্য ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে।
এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান মাঝেমধ্যেই একে অপরের ওপর হামলা চালিয়ে আসছে।
এ ছাড়া ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় জ্বালানির দাম বেড়েছে, যা বিশ্ব অর্থনীতিতেও চাপ সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধে তার প্রধান লক্ষ্য হলো ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। তবে ইরান বরাবরই এমন কোনো পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে।
নভেম্বরে কংগ্রেস নির্বাচন সামনে রেখে ট্রাম্পের ওপর হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমানোর চাপ বাড়ছে। কারণ মূল্যবৃদ্ধিতে অনেক ভোটার অসন্তুষ্ট। একই সময়ে, ইরানের প্রতি কোনো ধরনের ছাড় দিলে তিনি নিজের দলের কট্টর ইরানবিরোধী নেতাদের সমালোচনার মুখেও পড়তে পারেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের তেল বিক্রির কয়েক হাজার কোটি ডলার ফেরত দেওয়ার দাবি। এ ছাড়া লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতও শান্তি আলোচনার পথে বড় বাধা হয়ে রয়েছে।
রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করতে তিনি লেবাননের আরো ভেতরে সেনা অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েল-লেবানন সম্পর্ক নিয়ে কূটনৈতিক আলোচনা করেছেন। তিনি ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে আনার জন্য একটি পরিকল্পনারও প্রস্তাব করেছেন।
আন্তজার্তিক ডেস্ক 










