দেশে ফিরলেও সাংবাদিকদের এড়াতে আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চুপিসারে বিমানবন্দর ত্যাগ করেছেন বহুল আলোচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। যদিও এর আগে তিনি সিআইপি গেট ব্যবহার করতেন।
রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বের হয়ে যান তিনি।
মুরাদ হাসানের দেশে ফেরার খবরে বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তাছাড়া বিতর্কিত মুরাদ হাসানকে দেশে না ঢুকতে দেওয়ার দাবিতে বিমানবন্দরের সামনে বিক্ষোভ করেন সাধারণ জনতা।
ঢাকায় নামার পরপরই মুরাদকে প্রথমে ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়। সেখানে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের পর চুপিসারে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন তিনি। বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে বিমানবন্দর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
মুরাদ হাসানের দেশে ফেরার খবরে সাংবাদিকরা দুপুর থেকেই বিমানবন্দরে অবস্থান করছিলেন।
কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ব্যর্থ হয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।
অনলাইন ডেস্ক 














