অন্যান্যবারের ন্যায় জাতিসংঘের ৭৬তম অধিবেশনেও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, প্রধানমন্ত্রী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
এর আগে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই ধারা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুদিনের যাত্রাবিরতি শেষে বাংলাদেশ সময় সোমবার ভোরে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত শুক্রবার সকালে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। আগামী ১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।
আগামীকাল (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতিসংঘ সদরদফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। বিকেলে সফরকালীন আবাসস্থলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় সফরকালীন আবাসস্থল থেকে ‘হোয়াইট হাউজ গ্লোবাল কোভিড-১৯ সামিট : ইন্ডিং দ্য প্যানডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা।
দুপুর ১২টার দিকে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ‘রোহিঙ্গা সংকট : টেকসই সমাধান অত্যাবশ্যক’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে (ভার্চুয়াল) অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় ‘ইভেন্ট অব লিডারস নেটওয়ার্ক অন ডেলিভারিং অন দ্য ইউএন কমন এজেন্ডা : অ্যাকশন টু অ্যাচিভ ইকুয়্যলিটি অ্যান্ড কনক্লুশন’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বেলা ১টায় জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে ‘ফুড সিস্টেমস সামিট অ্যাজ পার্ট অব দ্য ডিকেড অব অ্যাকশন টু অ্যাচিভ দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজিএস) বাই ২০৩০’ শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
এদিন দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে পর্যায়ক্রমে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং ভিয়েতনামের রাষ্ট্রপতি নগুইয়েন জুয়ান ফুকের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাত ৮টায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি।
৩০ সেপ্টেম্বর বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০৪ যোগে ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশে ওয়াশিংটন ছাড়বেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (১ অক্টোবর) সকাল পৌনে ৮টায় হেলসিংকির ভানতাঁ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পৌনে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০৫ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ওই দিন রাত সোয়া ১০টায় দেশে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
অনলাইন ডেস্ক 















