যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার আরও পতন ঘটেছে। সোমবার (১৫ মে)ভারতীয় রুপির মান ৬ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সুদের হারের পার্থক্য সংকুচিত হয়েছে। এতে প্রিমিয়াম ৩ মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।
চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে রুপির অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ১৬ শতাংশ। প্রতি ডলারের দাম স্থির হয়েছে ৮২ দশমিক ২৯৫০ রুপিতে। আগের কর্মদিবসে (রোববার) যা ছিল ৮২ দশমিক ১৬২৫ রুপি।
গত সপ্তাহে ভারতীয় কারেন্সির অবনমন ঘটে শূন্য দশমিক ৪ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচক ঊর্ধ্বমুখী হওয়ায় এ নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে।
দিনের শুরুতে ডলারের দাম বেড়েছিল। বিগত ৫ সপ্তাহের মধ্যে যা ছিল সর্বোচ্চ। মূলত এতেই চাপে পড়েছে ভারতীয় রুপি।
প্রভুদাস লিল্লাধরের কোয়ান্ট ম্যাক্রো স্ট্রাটেজিস্ট রিতিকা ছাবরা বলেন, কিছুদিন ধরে ডলারের মূল্যমান বাড়ছিল। এদিন তাতে ছেদ পড়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুদের হারের পার্থক্য সংকুচিত হয়েছে।
তিনি বলেন, সুদের হারের পার্থক্য আমদানি-রপ্তানি বাণিজ্য নিরুৎসাহিত করছে। এতে রুপির ওপর চাপ সৃষ্টি হচ্ছে।
আন্তজার্তিক ডেস্ক 

















