আজ ১৬ জুলাই। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের এই দিনে ধানমন্ডির নিজ বাসভবন সুধাসদন থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারের আগে দেশবাসীর কাছে খোলা চিঠি লিখে যান বঙ্গবন্ধু কন্যা।
আওয়ামী লীগ নেতাদের দাবি, ওই চিঠিই মূলত দেশের মানুষ তথা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সাহস ও শক্তি যুগিয়েছে। শেখ হাসিনার আবেগঘন ওই চিঠি আওয়ামী লীগের কাছে ছিল আবেগের। দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান। দলকে ঐক্যবদ্ধ করার একমাত্র মূলমন্ত্র ছিল এটি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারে সময়ে দলে কিছুটা দ্বিধা-বিভক্তি দেখা দেয়। শেখ হাসিনার গ্রেফতারের পূর্ব মুহুর্তে দেশবাসীর উদ্দেশ্য লেখা ওই খোলা চিঠি আওয়ামী লীগকে দ্বিধা-বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ করেছে। সাহস ও শক্তি যুগিয়েছে। আবেগঘন ওই চিঠি দেশের মানুষকেও ভীষণ নাড়া দিয়েছে।
শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে তৎকালীন সরকারের হীন-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
গ্রেপ্তার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।
শেখ হাসিনার নির্দেশে দেশবাসী ও দলীয় নেতাকর্মীরা জেগে উঠলে তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্র মারাত্মক প্রতিরোধের সম্মুখীন হয়। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাবের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন দিনটি ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে থাকে।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠন স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও সমাবেশসহ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এরমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে।
এদিকে, স্বেচ্ছাসেবক লীগ বেলা ১১টায় ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ের চতুর্থ তলায় আলোচনা সভা ও শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা অন্তরীণ দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ দিবস উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে যার যার অবস্থান থেকে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।