দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ থালেদ আল-হামাদ আল-সাবাহ ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এই ২ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুয়েতের প্রধানমন্ত্রী দ্বি-পাক্ষিক সহযোগিতার ব্যাপারে একটি রোডম্যাপ (পথনকশা) তৈরির প্রস্তাব দেন।
জাতিসংঘ সদরদপ্তরে ঐ বৈঠকের পর নিউইয়র্কে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘কুয়েতের প্রধানমন্ত্রী বলেছেন, তারা আগামী ৫ বছরে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একটি রোডম্যাপ ও একটি অভিযোগ্য কর্মসূচি প্রস্তুত করতে চায়।’
শেখ হাসিনার সঙ্গে ২ প্রধানমন্ত্রীর আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, উভয় প্রধানমন্ত্রীর আলোচনার সূত্র ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র বাছাই করতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
মোমেন আরও বলেন, কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি তেল শোধনাগার স্থাপনের ব্যাপারে তার দেশের আগ্রহের কথাও ব্যক্ত করেন এবং তাদের দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশের বিশেষজ্ঞদের সহযোগিতা চান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এসব প্রস্তাবকে স্বাগত জানান এবং প্রস্তাবিত তেল শোধনাগারের জন্য প্রয়োজনীয় জমি প্রদানের ব্যাপারে কুয়েতের প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন। তিনি বলেন, ‘আমরা আপনাদের প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দিব।’
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কুয়েত তাদের কুয়েত ফান্ডের মাধ্যমে বাংলাদেশকে ৫ কোটি ডলার দেয় এবং বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য ব্যয় করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ ৫টি বড় প্রকল্পের জন্য কুয়েত ফান্ডের মাধ্যমে আরও ১০ কোটি ডলার গ্রহণে কুয়েতের সঙ্গে আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছে।
অনলাইন ডেস্ক 















