মঙ্গলবার সকালেই ভেসে এসেছিল খবরটা। করোনাভাইরাসে আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গুলি। সোমবার রাতেই তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার ভাইরাল লোড ১৯.৫ বলে জানা গিয়েছে, যা বেশ উদ্বেগজনক।
এই খবর জেনেই ফোন করে সৌরভের খোঁজ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করা হয়েছিল। ‘বিগ বি’ অমিতাভ বচ্চন ব্যক্তিগতভাবে ভারতের সাবেক অধিনায়ককে মেসেজ করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
রোববার থেকে সর্দি-জ্বর ছিল বিসিসিআই সভাপতির। ডা: সপ্তর্ষি বসুর পরামর্শে করোনা পরীক্ষা করা হয় তার। রিপোর্টে জানা যায়, কোভিড পজিটিভ সৌরভ। চলতি বছরের গোড়ার দিকেই হার্টে তিনটি স্টেন্ট বসেছিল তার। তাই কোনো ঝুঁকি না নিয়ে রাতেই তাকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বোর্ড সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়েছে তার। জ্বর বা শ্বাসকষ্ট নেই। গন্ধ এবং স্বাদ পাচ্ছেন স্বাভাবিকভাবেই। সিটি ভ্যালু কম থাকায় তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। তাতে বোঝা যাবে, সৌরভের শরীরে ওমিক্রন বাসা বেঁধেছে কিনা।
আন্তর্জাতিক ডেস্ক 























