গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ী হরিমন্দিরে প্রার্থনায় অংশ নিয়েছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে ঠাকুরবাড়ির পাশে নির্মিত হেলপ্যাডে নরেন্দ্র মোদিকে বহন করা একটি হেলিকাপ্টার নামে। পরে তিনি পায়ে হেটে ঠাকুরবাড়ির মন্দিরে পৌঁছান। এসময় ঠাকুরবাড়ির সদস্যরা ও মতুয়া ভক্তরা তাকে বরণ করে নেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজুলল করিম সেলিম উপস্থিত ছিলেন।
সেখানে পূজা শেষে নরেন্দ্র মোদি ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশের একটি মাঠে নির্ধারতি মতুয়া ভক্তদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন। সভা শেষে হেলিকপ্টার যোগে দুপুরেই ঢাকায় ফেরার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী।
এদিকে দুই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও ওড়াকান্দির ঠাকুর বাড়ি সাজানো হয় নবরুপে। তাদের আগমনে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেখানে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে পূজা অর্চনা করে ঠাকুর বাড়ির সদস্য ও নির্ধারিত মতুয়া নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন।
এর আগে শনিবার (২৭ মার্চ) সকাল ১১টা ২১ মিনিটে নরেন্দ্র মোদিকে বহন করা হেলিকপ্টার টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মাঠের হেলিপ্যাডে অবতরণ করে। পরে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে নিয়ে যান।
পরে সকাল ১১টা ৩৯ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং একটি বকুল গাছের চারা রোপণ করেন। বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিদর্শনের পর ভারতের প্রধানমন্ত্রী মন্তব্য বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি’র ছেলে ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত ছিলেন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী সাতক্ষীরা থেকে ১১ টা ২১ মিনিটে টুঙ্গিপাড়া হ্যালিপাডে পৌঁছান।
অনলাইন ডেস্ক 













